ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যিক জটিলতার কারণে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং কাজ হারিয়ে বিপাকে পড়েছেন হাজারো শ্রমিক।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, বাণিজ্য অচলাবস্থা নিরসনে দুই দেশের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী শনিবারের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে পণ্যবাহী অসংখ্য ট্রাক আটকে রয়েছে। সময়মতো এসব পণ্য দেশে প্রবেশ করতে না পারলে আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। অন্যদিকে, পাঁচ দিন ধরে পণ্যবাহী ট্রাক না আসায় বন্দরের লোড-আনলোড কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা আয়-রোজগার হারিয়ে মানবেতর পরিস্থিতিতে পড়েছেন।
এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকারও। স্বাভাবিক সময়ে হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন প্রায় ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আদায় হয়। টানা পাঁচ দিন কার্যক্রম বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে সরকার।



