সরকার টাকা ছাপাচ্ছে—এমন অভিযোগকে ‘গালগল্প’ বলে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, বাস্তবে এমন কোনো পরিস্থিতি নেই। বরং সরকার বর্তমানে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৬ মে) রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক প্রাক-বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
ড. তিতুমীর বলেন, অতীতে পরিবার, ব্যবসা ও রাষ্ট্র—সব ক্ষেত্রেই আয়ের সংকট তৈরি হয়েছিল। এর প্রভাব এতটাই গভীর ছিল যে বহু নিম্নমধ্যবিত্ত পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে যায়। এতে সামাজিক অস্থিরতাও বেড়েছে। একই সময়ে ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পুঁজি পেতে হিমশিম খেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, সাবেক বাংলাদেশ আওয়ামী লীগ সরকার নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে হস্তক্ষেপ করেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার কোনো খাতকে ‘সিন্ডিকেটের কাছে ইজারা’ দিতে চায় না; বরং অর্থনীতির গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বলে জানান অর্থ উপদেষ্টা।
তিনি আরও বলেন, অতীতে অবকাঠামো উন্নয়নের নামে বিপুল ঋণ নিয়ে দুর্নীতি করা হয়েছে এবং তথ্য জালিয়াতির মাধ্যমে উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছিল। তবে বর্তমান সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর তথ্য জনগণের জন্য আরও উন্মুক্ত রাখবে বলে আশ্বাস দেন তিনি।
সূত্র: বাসস



