লাল-সবুজ রঙের গাড়িতে করে বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তার গাড়িবহর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় ধীরে ধীরে এগিয়ে চলছে তার গাড়িবহর।
এর আগে একই দিন বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। বিমানবন্দরে তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পারিবারিক সাক্ষাতের পর তিনি বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এরপর পরিবারকে বিদায় জানিয়ে লাল-সবুজ গাড়িতে ওঠেন তারেক রহমান। যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় তার গাড়িবহর ৩০০ ফিট এলাকার দিকে অগ্রসর হয়। এ সময় গাড়ির সামনে ও পাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।



