কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আমিনুল ইসলাম শিদলাই ইউনিয়নের বেড়াখলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এক নারী শিক্ষককে হত্যাচেষ্টা এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ মার্চ সকালে আমিনুল ইসলাম তার সহযোগীদের নিয়ে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসা. হাসিনা ইসলামের কক্ষে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে।
ভুক্তভোগী শিক্ষিকা ৩০ মার্চ আমিনুল ইসলামসহ ১০ জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
জানা গেছে, আমিনুল ইসলাম এক সময়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পদত্যাগ করেন। পরে দলীয় প্রভাব এবং ভুয়া ডিপিইউ প্রতিনিধি পরিচয়ে পুনরায় প্রধান শিক্ষকের পদে নিয়োগ পান বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি আদালতে পদে বহাল থাকার রায় দাবি করে বিদ্যালয়ে যোগ দিতে গেলে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চেয়ার ছাড়তে না চাওয়ায় বাগবিতণ্ডা ও হামলার ঘটনা ঘটে।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ওসি শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কুমিল্লা নগরী থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”



