tanaka
প্রচ্ছদরাজনীতিজুলাই সনদের শর্ত না মানার অভিযোগ, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ইসলামী...

জুলাই সনদের শর্ত না মানার অভিযোগ, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন

জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছিল, তা অনুসরণ করা হচ্ছে না—এমন অভিযোগ তুলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রপতির পদ আনুষ্ঠানিক হলেও জাতীয় সংকট ও নির্বাচনকালীন পরিস্থিতিতে এই পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্য ও জনগণের আস্থার প্রতীক হিসেবেও কাজ করেন বলে উল্লেখ করেন তিনি।

গাজী আতাউর রহমানের ভাষ্য, বাংলাদেশে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের সংকটের পেছনে দলীয় রাষ্ট্রপতির বিষয়টিও অন্যতম কারণ। এ সংকট সমাধানে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কয়েকটি নীতিগত বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল। এসব বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো নোট অব ডিসেন্ট দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, দলটি আশা করেছিল জুলাই সনদে সম্মত নীতিগুলো অনুসরণ করেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তা না হওয়ায় নির্বাচনে অংশ নিয়ে ভোট দেওয়া সমীচীন মনে করছে না দলটি।

যে দুই বিষয়ে আপত্তি

বিবৃতিতে জুলাই সনদের ‘রাষ্ট্রপতি’ শিরোনামের ধারা-১০-এর কথা উল্লেখ করা হয়েছে। গাজী আতাউর রহমান বলেন, ওই ধারায় রাষ্ট্রপতি আইনসভার উচ্চ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। এ প্রস্তাবে বিএনপিসহ সংশ্লিষ্ট দলগুলোও সম্মত ছিল বলে দাবি করেন তিনি।

এ ছাড়া ধারা-২৮-এ সংসদ সদস্যদের ভোটদানের স্বাধীনতা নিয়ে যে নীতি নির্ধারণ করা হয়েছিল, সেটিও বিবৃতিতে তুলে ধরা হয়। সেখানে অর্থ বিল ও আস্থাভোট ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বলে উল্লেখ ছিল। এ বিষয়েও বিএনপিসহ অন্য দলগুলোর সম্মতি ছিল এবং কোনো নোট অব ডিসেন্ট দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

তবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদে সম্মত এই দুই নীতির কোনোটিই বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব।

দলটির মতে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় এ নির্বাচনে ভোট দেওয়া তাদের জন্য যুক্তিসংগত নয়। ফলে ইসলামী আন্দোলনের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটপ্রক্রিয়া থেকে বিরত থাকবেন।