জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তিনি দাবি করেন, তার বক্তব্য আংশিকভাবে প্রচার করা হয়েছে এবং তিনি কখনোই জুলাই গণঅভ্যুত্থানকে ‘ডিজাইন করা আন্দোলন’ বলেননি।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় নিলোফার চৌধুরী মনি বলেন, তার বক্তব্য ‘কাটছাঁট করে’ প্রচার করা হয়েছে। তিনি বলেন, আন্দোলনের সময়ও তিনি বিভিন্ন টকশোতে অংশ নিয়ে জুলাই যোদ্ধাদের পক্ষে কথা বলেছেন।
তার ভাষ্য, ‘আমি বলেছি পুলিশের কাছে স্নাইপার ছিল না। তাহলে এসব অস্ত্র কোথা থেকে এলো, সেটির তদন্ত হওয়া উচিত।’
‘জুলাই ডিজাইন’ মন্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, তার বক্তব্যের অর্থ ছিল আন্দোলনকারীদের হত্যার পেছনে একটি পরিকল্পনা বা ষড়যন্ত্র ছিল। তিনি বলেন, ‘আমি কখনো বলিনি জুলাই আন্দোলন ডিজাইন করা হয়েছিল। আমি বলতে চেয়েছি, আমাদের ছেলেদের বিরুদ্ধে একটি পরিকল্পনা বা ডিজাইন করা হয়েছিল।’
এর আগে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নিলোফার চৌধুরী মনি বলেন, আন্দোলনের সময় অনেক অংশগ্রহণকারী একে অপরকে চিনতেন না এবং গুলির উৎস সম্পর্কেও তারা নিশ্চিত ছিলেন না। তার দাবি, আন্দোলনে স্নাইপারের গুলিতে অনেকের মৃত্যু হয়েছে।
অনুষ্ঠানের উপস্থাপক যখন প্রশ্ন করেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন কি পরিকল্পিত ছিল, নাকি কোনো ষড়যন্ত্র ছিল?’—জবাবে তিনি বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল, তবে ষড়যন্ত্র ছিল কি না, তা আমি জানি না। আন্দোলনে যারা অংশ নিয়েছিল, সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল না। অনেকেই অন্যায়ের প্রতিবাদে আবেগ থেকে আন্দোলনে যোগ দিয়েছিল।’
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে জানার চেষ্টা করলেও অনেক প্রশ্নের উত্তর এখনও তার কাছে নেই।
নিলোফার চৌধুরী মনির ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক ফেসবুক পোস্টে তার বক্তব্যকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করার কথা জানান।



