রাজধানীর শেরেবাংলা নগরে (গণভবন) অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। তবে জাদুঘরে প্রবেশ করতে হলে আগেই অনলাইনে নিবন্ধন করে নির্ধারিত সময়ের টিকিট সংগ্রহ করতে হবে।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য আগ্রহীদের প্রথমে ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নিজের সুবিধামতো ভিজিটের সময় নির্বাচন করে একই ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।
জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।
এর আগে ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল।
আগামী ৬ আগস্ট থেকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সাধারণ দর্শনার্থীরা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।



