বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার আন্দোলনের ফসল জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে এবং একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।
বুধবার (৫ আগস্ট) কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে আয়োজিত আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’-এর অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
খন্দকার মারুফ বলেন, জনগণের প্রধান দাবি ছিল স্বৈরাচার হাসিনা সরকারের পদত্যাগ। কিন্তু মহান আল্লাহ তাকে পদত্যাগ নয়, দেশত্যাগে বাধ্য করেছেন। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থেকে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন।
তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করেনি। প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, জুলাই আন্দোলনের জনআকাঙ্ক্ষা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা প্রয়োজন। তবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্রকে বিশ্বে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে কাজ করছেন। ফ্যাসিস্ট সরকারের দীর্ঘদিনের জঞ্জাল সরিয়ে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এছাড়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।



