সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে। ছয় মাস বা ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপদেষ্টা বলেন, রেলপথ সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামের নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।
তিনি জানান, ১৮০ দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় কী করছে, তার মূল্যায়ন চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে এজন্য একটি কমিটি রয়েছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। অত্যন্ত সূক্ষ্মভাবে সবকিছু যাচাই-বাছাই করা হচ্ছে। ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী নিজেই জনগণের সামনে বিষয়গুলো তুলে ধরবেন।
দক্ষিণ কোরিয়ায় ৮৪২৮ পণ্যে শুল্কমুক্ত সুবিধা
বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক বছরের আলোচনার পর সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে বাংলাদেশের আট হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার এক হাজার ৫৪টি পণ্য বাংলাদেশের বাজারে একই সুবিধা পাবে।
পাটের ব্যাগ ব্যবহারে জনগণের সহযোগিতা কামনা
পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে জনগণের সহযোগিতা চেয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, শুধু চাপ প্রয়োগ বা জরিমানা করে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা কঠিন। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিটিএমসি) মাধ্যমে তৈরি নয় হাজার পাটের গ্রোসারি ব্যাগ স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে।



