ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এবং ডা. হাবিবা চৌধুরি সুইট। অন্যদিকে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে ছিলেন ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ পাঁচজন প্রতিনিধি।
বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি এবং গণতন্ত্রকে আরও অর্থবহ করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে নারী অধিকার, নারীর অর্থনৈতিক ও সামাজিক অংশগ্রহণ এবং প্রশাসনে নারীর ভূমিকা নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।
এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিশেষ করে জ্বালানি ও তৈরি পোশাক খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার।



