tanaka

তীব্র গরমে দিনভর শরীর সতেজ রাখতে বিশেষজ্ঞের ৬ পরামর্শ

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্লান্তি ও অলসতা বাড়ে। ফলে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় শারীরিক পরিশ্রমেও অনীহা তৈরি হতে পারে। অসহ্য গরম, অতিরিক্ত ঘাম...
প্রচ্ছদআন্তর্জাতিকজমিতে ৫ লাখ টাকা পুঁতে রেখেছিলেন কৃষক, এক বছর পর যা ঘটল

জমিতে ৫ লাখ টাকা পুঁতে রেখেছিলেন কৃষক, এক বছর পর যা ঘটল

চুরি ও অপ্রয়োজনীয় খরচের আশঙ্কায় জমিতে ৫ লাখ টাকা পুঁতে রেখেছিলেন ভারতের রাজস্থানের এক কৃষক। কিন্তু পরে ঠিক কোথায় টাকা রেখেছিলেন, তা আর মনে করতে পারেননি তিনি। প্রায় এক বছর পর সেই টাকা খুঁজে পেলেও ততদিনে যা হওয়ার, তা হয়ে গেছে—উইপোকার আক্রমণে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে পুরো টাকাই।

জানা গেছে, প্রায় এক বছর আগে নিজের একটি জমি বিক্রি করে ৫ লাখ টাকা পেয়েছিলেন ওই কৃষক। সেই অর্থ দিয়ে বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল তার। কিন্তু বাড়িতে টাকা রাখলে চুরি হয়ে যেতে পারে কিংবা অপ্রয়োজনীয় খরচ হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় তিনি টাকাগুলো একটি পলিথিনের ব্যাগে ভরে জমিতে গর্ত করে পুঁতে রাখেন।

তবে মদ্যপানের অভ্যাস ও ভুলে যাওয়ার কারণে পরে ঠিক কোন জায়গায় টাকা পুঁতে রেখেছিলেন, তা আর মনে করতে পারেননি তিনি। একাধিকবার খোঁজ করেও টাকার সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত বিষয়টি স্ত্রী ও ছেলেদের জানান।

প্রথমে পরিবারের সদস্যরা তার কথা বিশ্বাস করতে পারেননি। পরে জমির বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি শুরু করেন তারা। বেশ কয়েকবার চেষ্টা করেও অবশ্য টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর বর্ষা মৌসুমে জমিতে চাষাবাদের প্রস্তুতি নেওয়ার সময়, প্রায় এক বছর পর মাটির নিচ থেকে সেই পলিথিনের ব্যাগটি বেরিয়ে আসে। রাতের অন্ধকারে বিষয়টি কারও নজরে পড়েনি।

পরদিন সকালে জমির বেড়া মেরামতের সময় কৃষকের স্ত্রী ও ছেলে ব্যাগটি দেখতে পান। ব্যাগ খুলতেই তারা হতবাক হয়ে যান। ভেতরে ছিল এক বছর আগে পুঁতে রাখা সেই ৫ লাখ টাকা। তবে ততদিনে উইপোকার আক্রমণে নোটগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে।

নষ্ট হয়ে যাওয়া নোটের কোনো মূল্য উদ্ধার করা সম্ভব কি না, সেই আশায় পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত নোটগুলো নিয়ে স্থানীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় যান। কিন্তু নোটগুলোর অবস্থা দেখে ব্যাংক কর্তৃপক্ষ সেগুলো গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

পরে তারা জেলার এসবিআইয়ের প্রধান শাখাতেও যান। সেখান থেকেও তাদের ফিরিয়ে দেওয়া হয়। ফলে সঞ্চিত ৫ লাখ টাকা উদ্ধারের আশায় পরিবারের সদস্যদের শুরু করা চেষ্টা শেষ পর্যন্ত হতাশাতেই গড়ায়।

সূত্র: ইন্ডিয়া টুডে