আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা বাংলাদেশের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে উদ্যোগ নিতে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “চুপ করে বসে থাকার উপায় নেই। আমাদের অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে।”
রবিবার (৪ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, “খেলাকে খেলার জায়গাতেই রাখাটা সবচেয়ে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত রাজনৈতিক প্রভাব খেলার সঙ্গে যুক্ত হয়েছে। সাধারণত রাজনৈতিক টানাপোড়েন থাকলেও, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে তা কমানো সম্ভব। কিন্তু এখানে দেখা গেছে, সম্পূর্ণ উল্টো কাজ হয়েছে।”
তিনি বলেন, “বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক কারণে তাকে বাদ দেওয়ার খবর জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সেই পরিস্থিতিতে আমাদেরও অবস্থান নেওয়া প্রয়োজন। আমরা আইনগত ভিত্তি ও প্রক্রিয়া যাচাই-বাছাই করার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”



