চাঁদপুরের আট উপজেলায় কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা ঠেকাতে একযোগে অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের মধ্যে ৩৫৫ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার আট থানা-পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর।
পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে জেলার আট থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়।
অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ এবং মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এর বাইরে ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করে।
পরে আটক ব্যক্তিদের মধ্যে ৩৫৫ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্য ১৫ জনের বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।



