tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশচলতি মাসেই মন্ত্রিসভায় উঠছে নতুন বেতন কাঠামোর প্রস্তাব

চলতি মাসেই মন্ত্রিসভায় উঠছে নতুন বেতন কাঠামোর প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে গঠিত পর্যালোচনা কমিটির চূড়ান্ত সুপারিশ চলতি মাসের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। প্রস্তাবিত কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস এবং পেনশন ব্যবস্থায় সংস্কারের সুপারিশ রাখা হচ্ছে।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’-এর সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে আরও একটি বৈঠক শেষে সুপারিশ সচিব কমিটির মাধ্যমে মন্ত্রিসভায় পাঠানো হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট প্রকাশ করে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কমিটির সদস্যরা চলতি অর্থবছরের ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং আগামী অর্থবছরের ১ জুলাই থেকে সংশোধিত ভাতা কার্যকরের পক্ষে মত দিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

কমিটির আলোচনায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব উঠে এসেছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বৃদ্ধি হবে না। আলোচনায় প্রথম থেকে নবম গ্রেডে ৬০ থেকে ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করা হয়েছে।

এ ছাড়া বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা পুনর্বিন্যাস, কয়েকটি ভাতা একীভূত করা এবং অবসর সুবিধা ও পেনশন কাঠামো আধুনিকায়নের বিষয়েও আলোচনা হয়েছে।

সরকারি চাকরিজীবীদের সর্বশেষ বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। পরে ২০২৫ সালে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন নবম জাতীয় বেতন কমিশন মূল বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। কমিশন সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছিল।

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য অতিরিক্ত প্রায় ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।