এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি ফিরছেন ঢাকাই চলচ্চিত্রে। তবে এবার তিনি আসছেন প্রযোজক হিসেবে, শুরু করতে যাচ্ছেন শোবিজ অঙ্গনে নতুন যাত্রা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানিয়েছেন, অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই তার। শুধু কিছু অসমাপ্ত পুরোনো ছবির কাজ শেষ করবেন। এরপর পুরো মনোযোগ দেবেন প্রযোজনায়।
প্রযোজনা আগে করলেও লোকসানের অভিজ্ঞতা হয়েছিল তার। মনোয়ার খোকন পরিচালিত একটি ছবিতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছিল বলে জানান তিনি। তবে এবার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী পপি। তার ভাষায়, “সিনেমা প্রযোজনা আমি আগেও করেছি। ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে।”
পপির শেষ কাজ ছিল ২০২০ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘ডাইরেক্ট অ্যাকশন’ ছবিতে। এরপর পাঁচ বছর আড়ালে ছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এসে জানান, তিনি এখন সংসারী এবং এক পুত্রসন্তানের মা।
১৯৯৭ সালে ‘কুলি’ চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে পপির। এরপর অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি।



