চট্টগ্রাম নগরে টেম্পো ও টুকটুকির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়ার চার দিন পর মোহন বড়ুয়া (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মোহন রাউজান উপজেলার বাসিন্দা।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরের কাপ্তাই রাস্তার মাথার কাছাকাছি ধূপফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাড়া বাসার মালিকের মৃত্যুর খবর পেয়ে মোটরসাইকেলযোগে নগরের দিকে যাওয়ার পথে টেম্পো ও টুকটুকির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নগরের ডেল্টা হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত মোহন বড়ুয়া রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আধার মানিক গ্রামের মুরালি মাঝির বাড়ির রূপেশ বড়ুয়া ও কনকপ্রভা বড়ুয়ার ছেলে। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার এক কন্যাসন্তান রয়েছে।
মোহনের বড় ভাই সুমন বড়ুয়া জানান, ভাড়া বাসার মালিকের মৃত্যুর খবর পেয়ে মোটরসাইকেলে করে নগরের দিকে যাচ্ছিলেন তার ভাই। পথে কাপ্তাই রাস্তার মাথার কাছাকাছি ধূপফুল এলাকায় পৌঁছালে একটি টেম্পো ও টুকটুকির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রাউজানের এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তিনি মারা গেছেন।



