tanaka
প্রচ্ছদসারাদেশচবির শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

চবির শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়গামী একটি শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। তবে রেলওয়ে কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাত সাড়ে ৮টার দিকে ট্রেনটিতে আগুনের ঘটনা ঘটে। পরে নিরাপত্তার স্বার্থে ওই শাটল ট্রেনের পরিবর্তে অন্য লাইনে থাকা আরেকটি শাটলে করে ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের সামনের দিক থেকে তৃতীয় বগিতে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় বগিটির ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাস্থলে কেরোসিনের একটি বোতলও পাওয়া যায়। এ ছাড়া কয়েকটি আসনে কেরোসিনজাতীয় পদার্থ ছিটানো ছিল বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনা টের পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। পরে শিক্ষার্থীদের ওই ট্রেনে যাতায়াত না করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারা এক নম্বর লাইনে থাকা অন্য একটি শাটলে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওসিফ হোসেন বলেন, ‘রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সামনের দিক থেকে তিন নম্বর বগিতে হালকাভাবে আগুন জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কেরোসিন দিয়ে আগুন ধরানো হয়েছিল। পরে সেখানে কেরোসিনের বোতল এবং কয়েকটি সিটে কেরোসিন ছিটানো অবস্থায় দেখা যায়। ঘটনার পর কয়েকজন পুলিশ সদস্যও আসেন। পরে ওই শাটলে না গিয়ে এক নম্বর লাইনে থাকা অন্য শাটলে করে আমরা ক্যাম্পাসে এসেছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, ‘ট্রেনটি দাঁড়ানো অবস্থায় আগুন দেওয়া হয়েছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলে। এতে কারও কোনো ক্ষতি হয়নি। বটতলায় ট্রেন থাকলে সেটি রেলওয়ের দায়িত্বে থাকে। আর বিশ্ববিদ্যালয় স্টেশনে থাকলে আমাদের টহল টিম দেখভাল করে। আমরা নিরাপত্তা জোরদারের কথা বলেছি।’

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ‘কেউ একজন দরজার কাছে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে। আমাদের কর্মীরা তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলেন।’

তিনি আরও বলেন, ঘটনার তদন্ত করছে রেলওয়ে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুরোপুরি স্পষ্ট নয়। জায়গাটি কিছুটা অন্ধকার হওয়ায় শনাক্তকরণে সমস্যা হচ্ছে। তবে ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।