বমি করার চেষ্টা করতে গিয়ে এক অদ্ভুত দুর্ঘটনার শিকার হয়েছেন নিউজিল্যান্ডের ২৭ বছর বয়সি এক নারী। মুখ দিয়ে ঢুকে আস্ত একটি বড় কাঁটাচামচ আটকে যায় তার পাকস্থলীতে। পরে দুই দফা এন্ডোস্কোপি করেও সেটি বের করা সম্ভব না হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে কাঁটাচামচটি উদ্ধার করেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের ওয়াইকাটো হাসপাতালে।
নিউজিল্যান্ডের ওই নারী কীভাবে কাঁটাচামচটি গিলে ফেলেছিলেন, তা নিয়ে চিকিৎসকদের মধ্যেও বিস্ময় তৈরি হয়েছে। ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীর ভেতরে পুরো কাঁটাচামচটির অবস্থান শনাক্ত করেন চিকিৎসকরা। এরপর সেটি বের করার উদ্যোগ নেওয়া হয়।
অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক চিকিৎসক জেসি ফিশার নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান, ওই নারী কী কারণে কাঁটাচামচ ব্যবহার করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। চিকিৎসকদের ধারণা, ঘটনাটি কোনো সামাজিক পরিবেশে ঘটেছিল। তবে তিনি কেন বমি করার চেষ্টা করছিলেন, নাকি বিষয়টি কোনো ধরনের কৌতুকের অংশ ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
জেসি ফিশার আরও জানান, ওই নারীর আগে থেকে খাদ্যাভ্যাসজনিত মানসিক সমস্যা কিংবা অন্য কোনো মানসিক রোগের ইতিহাস পাওয়া যায়নি। প্রথমে মুখ দিয়ে এন্ডোস্কোপির মাধ্যমে কাঁটাচামচটি বের করার চেষ্টা করেন চিকিৎসকরা। দুইবার চেষ্টা করেও সফলতা না আসায় বিকল্প হিসেবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তী সময়ে ল্যাপারোস্কোপিক বা কী-হোল সার্জারি পদ্ধতিতে কাঁটাচামচটি বের করা হয়। এ জন্য নারীর পেটে প্রায় ৪ সেন্টিমিটার কেটে পাকস্থলী থেকে বস্তুটি উদ্ধার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচার শেষে কাটা অংশটি যথাযথভাবে বন্ধ করে দেওয়া হয়।
চিকিৎসকদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, এত বড় একটি কাঁটাচামচ পাকস্থলীতে পৌঁছালেও সেখানে কোনো ছিদ্র বা ক্ষত তৈরি হয়নি। জেসি ফিশার জানান, ওই নারী শারীরিকভাবেও সুস্থ ছিলেন। অস্ত্রোপচারের পরও তার অবস্থার কোনো অবনতি বা জটিলতা দেখা দেয়নি।
সবকিছু স্বাভাবিক থাকায় মাত্র দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর তিনি আবার স্বাভাবিক খাবার খাওয়া শুরু করেন। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের পর তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াও ছিল স্বাভাবিক ও জটিলতামুক্ত।
এ ধরনের বিপজ্জনক আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক জেসি ফিশার। তিনি সতর্ক করে বলেন, মুখ দিয়ে কখনোই কাঁটাচামচ কিংবা এ ধরনের কোনো বিদেশি বস্তু গিলে ফেলার চেষ্টা করা উচিত নয়। এমন ঘটনা গুরুতর শারীরিক জটিলতা তৈরি করতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজনও হতে পারে।



