tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদজাতীয়ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের পথে বড় ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের পথে বড় ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, স্বাধীনতার ৫৫ বছরেও বাংলাদেশ একটি টেকসই শাসনব্যবস্থা গড়ে তুলতে পারেনি। কিছুদিন পরপরই দেশের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটছে। চলছে ভাঙাগড়ার খেলা। ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের পথে অন্যতম বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

গতকাল শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টার মতে, একটি কার্যকর ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ বর্তমান অবস্থার চেয়েও অনেক বেশি উন্নতি করতে পারত।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত ‘ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ ছিল ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি থেকে উত্তরণ একটি জাতীয় ইস্যু। এ ক্ষেত্রে সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপান্তর করতে হবে এবং দেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, ঘনঘন রাজনৈতিক অস্থিরতা ও বিপর্যয় দেখা দিলে উদ্যোক্তারা আস্থা ও স্বস্তি হারান। এর ফলে অর্থনীতির স্বাভাবিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়। কিছুদিন পরপর শাসনব্যবস্থার পরিবর্তন ও ভাঙাগড়ার পরিস্থিতি তৈরি হয়। একটি স্থিতিশীল ও টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে এলডিসি উত্তরণের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে।

তৈরি পোশাক খাতের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টিকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করতে হবে। এ খাতে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। স্বচ্ছতার সঙ্গে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব।

তিনি মনে করেন, আলোচনায় স্বচ্ছতা ও তথ্যের যথাযথ প্রকাশ নিশ্চিত করা গেলে শ্রমিকেরাও শিল্পের বাস্তব পরিস্থিতি বুঝতে পারবেন। কারণ, তৈরি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত শ্রমিকেরাও সংকটে পড়বেন।

জাতীয় জীবনে সুস্থ বিতর্কের গুরুত্ব তুলে ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন, মতবিরোধ ও বিরোধ-বিবাদ বেড়েছে। এ পরিস্থিতি গ্রহণযোগ্য পর্যায়ে রাখতে হলে ভিন্নমতের মানুষের যুক্তিও মনোযোগ দিয়ে শুনতে হবে। সমাজকে যুক্তিবাদী করে তুলতে হবে এবং প্রত্যেকের মতামতের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।