দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামী শনিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলন ঘিরে প্যান্ডেল-মঞ্চ নির্মাণসহ পুরো এলাকায় বইছে সাজসজ্জার আমেজ।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক।
উপজেলা বিএনপির সদস্যসচিব এম মোবারক আলী জানান, চারটি সাংগঠনিক ইউনিট ও ১৫ ইউনিয়নের এক হাজার ৬৫ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। সম্মেলন সফল করতে মূল প্রস্তুতি কমিটির পাশাপাশি গঠন করা হয়েছে ১০টি উপকমিটি।
প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত এ এম ওমর আলী বলেন, সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০২০ সালের ১২ মার্চ। এবার ভিন্ন আবহে লক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এ সম্মেলন স্মরণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, আনছারুল হক বাবুল মিয়া ও অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে সদস্যসচিব এম মোবারক আলী, অধ্যক্ষ এস এম মনজুর, এ এম ওমর আলী, জালাল সিকদার ও সাইফুল ইসলাম ছাবুর।
সম্মেলন ঘিরে মঞ্চ-প্যান্ডেল প্রস্তুতির কাজ শেষের পথে, তোরণ নির্মাণও চলছে। নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।



