কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার কমল চৌধুরীর ছেলে এবং চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
থানা সূত্রে জানা যায়, চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারের পর দুর্জয়কে থানার হাজতে রাখা হয়। শুক্রবার ভোরে পুলিশ সদস্যরা হাজতের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
চকরিয়া থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্জয় আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে হেফাজতে থাকা অবস্থায় এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারও অভিযোগ করেছে, থানায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।



