গুজব ও অপতথ্যের বিস্তার ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জাতীয় প্রেস ক্লাবে ‘গুজব নয়, দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বস্তুনিষ্ঠ ও যাচাই করা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের আরও সতর্ক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের সংগঠন উইকলি এডিটরস ফোরাম আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে তথ্য সরবরাহের ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য ও গুজবের ব্যাপক বিস্তার উদ্বেগজনক। এ পরিস্থিতিতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব।
তারা বলেন, গুজবের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরতে মূলধারার গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশে কোনো ধরনের দ্বিধা না রাখার আহ্বান জানান তারা।
যারা ছিলেন অনুষ্ঠানে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম।
উইকলি এডিটরস ফোরামের মহাসচিব এবং সাপ্তাহিক উন্নয়ন ধারার সম্পাদক ও প্রকাশক মুহা. শরীফ যান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা সাপ্তাহিক পত্রিকার সম্পাদকরা বক্তব্য রাখেন। তারা সংবাদ প্রকাশে পেশাগত দায়িত্বশীলতা, তথ্য যাচাই এবং গুজব মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইকলি এডিটরস ফোরামের সভাপতি দেবাশীষ দেব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য সাপ্তাহিক পত্রিকার সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন।



