tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকযেসব কারণে ইসরাইলি তরুণদের মধ্যে বাড়ছে ত্বকের ক্যানসারের ঝুঁকি

যেসব কারণে ইসরাইলি তরুণদের মধ্যে বাড়ছে ত্বকের ক্যানসারের ঝুঁকি

ইসরাইলে কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে অতিরিক্ত রোদ পোহানোর প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ত্বক দ্রুত তামাটে বা ব্রোঞ্জ রঙের করার আকাঙ্ক্ষায় অনেক তরুণ-তরুণী জেনেশুনেই অতিবেগুনি (ইউভি) রশ্মির ক্ষতিকর প্রভাবে নিজেদের ফেলছেন। এতে ভবিষ্যতে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

১৯৯২ সালে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সতর্ক করতে ‘ইউভি ইনডেক্স’ চালু করা হয়। তবে বর্তমানে অনেক তরুণ এই সূচককে সতর্কবার্তা হিসেবে না দেখে দ্রুত ট্যান পাওয়ার একটি নির্দেশক হিসেবে ব্যবহার করছেন।

সম্প্রতি ইসরাইলে তাপমাত্রা ৮২ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানোর সময় আবহাওয়া অধিদপ্তর দিনের সর্বোচ্চ ইউভি ঝুঁকির সময়ে সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেয়। কিন্তু সেই সতর্কতার মধ্যেই ১৬ বছর বয়সী আবিগেইল ওলফের মতো অনেক তরুণী সৈকতে ছুটে যান। আবিগেইল জানান, ইউভি ইনডেক্স ১০ বা ১১ থাকলে দ্রুত ট্যান পাওয়ার আশায় তিনি প্রায় ৪০ মিনিট রোদে অবস্থান করেন।

ইসরাইলের প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ক্লেলিত হেলথ সার্ভিসেসের সিনিয়র পেডিয়াট্রিক ডার্মাটোলজিস্ট ডা. ইফ্রাত বার-ইলান বলেন, গত দুই বছর ধরে তরুণদের মধ্যে এমন প্রবণতা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার মতে, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বা ভবিষ্যতে ক্যানসারের সম্ভাবনার কথা না ভেবে অনেকেই তাৎক্ষণিক সৌন্দর্য ও ত্বকের উজ্জ্বলতার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, অতিবেগুনি রশ্মির UVA ত্বককে কালচে করে তুলতে ভূমিকা রাখে। অন্যদিকে, UVB ত্বকের ওপরের স্তরে ক্ষত সৃষ্টি করার পাশাপাশি কোষের DNA-তে ক্ষতি করতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত ইউভি রশ্মির সংস্পর্শে থাকলে রোদে পোড়া, ত্বকের অকাল বার্ধক্য ও বলিরেখার পাশাপাশি ত্বকের ক্যানসারের ঝুঁকিও বেড়ে যায়।

অনেক অভিভাবক সন্তানদের নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে গেলেও কিশোর-কিশোরীদের বড় একটি অংশ ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁকি নিয়ে খুব একটা ভাবতে চায় না। তাদের কাছে কয়েক দশক পরের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বর্তমানের আকর্ষণীয় চেহারা ও ট্যান বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ত্বকের ক্যানসারের মধ্যে বেসাল সেল ও স্কোয়ামাস সেল কার্সিনোমা প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। তবে মেলানোমা তুলনামূলকভাবে বেশি আগ্রাসী। এটি ত্বকের রঞ্জক কোষে শুরু হয়ে শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে ছড়িয়ে পড়লে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মেলানোমা আক্রান্ত দেশের তালিকায় ৩০টি দেশের মধ্যে ইসরাইলের অবস্থান ২৩তম। তবে ইসরাইল ক্যানসার অ্যাসোসিয়েশনের মতে, দেশটিতে প্রায় ৯১ শতাংশ মেলানোমা প্রাথমিক পর্যায়েই শনাক্ত হয়। ফলে মৃত্যুহার তুলনামূলকভাবে কম এবং আক্রমণাত্মক মেলানোমার হারও বর্তমানে অনেকটা স্থিতিশীল।

তারপরও অতিরিক্ত রোদ পোহানোর প্রবণতা কমছে না। হাইফা সৈকতে ইউভি ইনডেক্স ১০ থাকা অবস্থায় রোদে শুয়ে থাকা মিশল পেরেজ স্বীকার করেন, তিনি ঝুঁকি সম্পর্কে জানেন। তবুও সৈকতে সময় কাটানো তার কাছে জীবনের অন্যতম আনন্দ।

বিশেষজ্ঞরা তীব্র ইউভি রশ্মি থেকে সুরক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার, টুপি ও সানগ্লাস পরা এবং ইউভি ইনডেক্স ১১-এর মতো চরম ঝুঁকিপূর্ণ সময়ে সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। তবে অনেক তরুণ-তরুণী এখনো এসব সতর্কতা মেনে চলতে অনাগ্রহী।

শোন ব্রেনার নামে এক তরুণ দাবি করেন, সানস্ক্রিনে থাকা রাসায়নিক উপাদান সূর্যের রশ্মির চেয়েও বেশি ক্ষতিকর। তবে ডা. বার-ইলান এ দাবিকে নাকচ করে দিয়ে বলেন, অনুমোদিত সানস্ক্রিন স্বাভাবিক ব্যবহারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। বরং অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ইউভি রশ্মির সংস্পর্শে ত্বকের ক্ষতি এবং ক্যানসারের ঝুঁকি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত।

সূত্র: টাইমস অব ইসরাইল