গানম্যানসহ ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দায়িত্বে থাকা সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ান ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান। ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের বিধিনিষেধ রয়েছে জানানো হলেও এ নিয়ে তিনি আপত্তি তোলেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টে প্রবেশের সময় প্রার্থীর পরিচয় জানতে চান দায়িত্বরত সেনাসদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা একজন বলেন, ‘উনি এই আসনের এমপি প্রার্থী।’ এরপর কোন দলের প্রার্থী—জানতে চাইলে জবাবে বলা হয়, জামায়াতে ইসলামীর।
দায়িত্বে থাকা সেনাসদস্য নিরাপত্তাজনিত কারণে ক্যান্টনমেন্টে গানম্যানসহ প্রবেশের বিধিনিষেধের কথা উল্লেখ করলে প্রার্থী এর বিরোধিতা করেন। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। খালিদুজ্জামান অভিযোগ করেন, বিষয়টি পরিকল্পিতভাবে করা হচ্ছে এবং প্রয়োজনে তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলবেন বলেও মন্তব্য করেন।
পরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চান। দায়িত্বরত সেনাসদস্য একটি ফোনে তাকে ঊর্ধ্বতনের সঙ্গে সংযোগ করে দেন। ফোনালাপে খালিদুজ্জামান নিজেকে ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য তার সঙ্গে গানম্যান দেওয়া হয়েছে। এ অবস্থায় ক্যান্টনমেন্ট দিয়ে যেতে না দেওয়ার কারণ জানতে চান তিনি।
শেষ পর্যন্ত তিনি বলেন, ‘এখন আমি বাইরে গিয়ে কী করব। ব্যাক করে দেন, আমি চলে যাই।’ এরপর তিনি গাড়িতে করে সেখান থেকে চলে যান।



