গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকায় একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রুমেল পাঠানের বাড়ির টিনশেড কলোনিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাতে জানা যায়, কলোনির একটি রুম থেকে আগুন শুরু হলে মুহূর্তেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা বাড়ায় তারা ব্যর্থ হন। পরে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যুক্ত হয়।
বাড়ির মালিক রুমেল পাঠান জানান, কলোনির সবগুলো—১০০টি রুমই পুড়ে গেছে, কোনো জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।
এক পোশাক শ্রমিক শাহ আলম বলেন, “অফিস থেকে জানতে পারি বাসায় আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই। আমার পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।”
অন্য ভাড়াটিয়া রহিমা বেগম জানান, “কয়েক দিন আগে বেতন পেয়েছি, সব টাকা রুমেই ছিল। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল।”
স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা জানান, “আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি। কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। সংকীর্ণ রাস্তার কারণে ফায়ার সার্ভিসকেও সমস্যায় পড়তে হয়।”
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, দ্রুতই একাধিক ইউনিট কাজ শুরু করে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।



