গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত নয়জন। সোমবার বিকেলে গাজা শহরের আল-জালা স্ট্রিটে এই ঘটনা ঘটে। আহতদের সামরিক হেলিকপ্টারে করে ইয়াকভ হাসপাতাল থেকে সোরোকা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, একইদিন একটি সেনা শিবিরেও হামাস তীব্র প্রতিরোধ গড়ে তোলে। এতে পাঁচজন সেনা গুরুতর আহত হন এবং ছয়জনের সামান্য আঘাত লাগে। সংঘর্ষের একপর্যায়ে হামাসের সদস্যরা ওই এলাকা ত্যাগ করেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, নিহতদের একজন ট্যাংক শেলিংয়ে এবং অপরজন বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন। এ হামলার কয়েক ঘণ্টা আগে উত্তর গাজা থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। চলতি সপ্তাহে এটি ইসরায়েলি ভূখণ্ডে দ্বিতীয়বারের মতো এমন হামলার ঘটনা।



