গরুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৬ মে) সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, কোরবানির পশু পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোথাও এমন ঘটনা ঘটলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাটকে ঘিরে সড়কে যানজট নিয়ন্ত্রণে আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত সীমানার বাইরে কোনোভাবেই পশু রাখা যাবে না। হাটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব মোতায়েন থাকবে। এ ছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী



