tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়গত তিন নির্বাচনে কেন ইইউ পর্যবেক্ষক পাঠায়নি, জানালেন প্রেস সচিব

গত তিন নির্বাচনে কেন ইইউ পর্যবেক্ষক পাঠায়নি, জানালেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত গত তিনটি নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম জানান, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইইউ আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, ইইউ মনে করেছে আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য ছিল না বলেই তারা সে সময় কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচনকে ঘিরে বর্তমানে একটি ভালো লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান। সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না।

তিনি বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) মূল্যায়নে নির্বাচনের আগে সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। দেশের প্রেক্ষাপটে বিচ্ছিন্নভাবে কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তবে সরকার প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সব ক্ষেত্রেই অভিযুক্তদের আটক করা হচ্ছে।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে গণভোট প্রসঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইতে পারে। প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিদের জানিয়েছেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাই প্রস্তুত রয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, নরসিংদীর মনি চক্রবর্তী পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে যাচাই-বাছাই ছাড়াই কিছু বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দিয়েছেন, যা অনভিপ্রেত। তিনি দায়িত্বশীলদের তথ্য যাচাই করে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।