শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৪৩১ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।
দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম, তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং চক্রের অভিযোগ অনুসন্ধানের জন্য টিম লিডারের নেতৃত্বে একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে এবং বিধিবহির্ভূতভাবে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেন। এর মাধ্যমে তারা নিজেদের ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।
অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগেই এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলে ভবিষ্যতে তা উদ্ধার করা দুরূহ হয়ে পড়তে পারে।
এ কারণে সাইফুল আলম, তার পরিবারের সদস্যবৃন্দ এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট সত্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানাধীন স্থাবর সম্পদ জরুরি ভিত্তিতে ক্রোক করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।



