tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী সরকারের ব্যাপক কর্মসূচি

গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী সরকারের ব্যাপক কর্মসূচি

গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোট সংক্রান্ত বিভ্রান্তি ও অস্পষ্টতা দূর করা যায়।

সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রোববার (১১ জানুয়ারি) বরিশালে পৃথকভাবে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ এবং আরেক বিশেষ সহকারী মনির হায়দার। আগামী কয়েক দিনের মধ্যে দেশের অন্যান্য বিভাগেও অনুরূপ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচির আয়োজন করা হচ্ছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করছে। অপরদিকে, ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।

এ ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) রাজশাহী, ১৪ জানুয়ারি রংপুর, ১৫ জানুয়ারি চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ঢাকা, ১৯ জানুয়ারি ময়মনসিংহ, ২২ জানুয়ারি সিলেট এবং ২৪ জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এসব মতবিনিময় সভায় বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ জ্যেষ্ঠ শিক্ষক, বিশিষ্ট সাংবাদিক, প্রেস ক্লাবের সভাপতি বা সম্পাদক, দোকান মালিক সমিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রধান, ধর্মীয় নেতৃত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন। সভাগুলোতে গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে সংশ্লিষ্ট সব পর্যায়ের স্টেকহোল্ডারদের কার্যকরভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।