দ্বৈত নাগরিকত্বের জটিলতার কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল বহাল রাখা হয়েছে। ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে ফজলুল হকের আবেদন নামঞ্জুর করা হয়।
এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় ফজলুল হক উল্লেখ করেন যে, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এবং গত ২৮ ডিসেম্বর নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে মনোনয়নপত্র বাছাইয়ের সময় কর্তৃপক্ষ জানায়, হলফনামায় নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ থাকলেও এর স্বপক্ষে কোনো প্রামাণিক নথি দাখিল করা হয়নি।
এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয় এবং আপিলেও সেই সিদ্ধান্ত বহাল থাকে।



