গণভোটের রায় আংশিকভাবে নয়, পুরোপুরি বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, কেউ যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে থাকেন, তাহলে সেই রায়ের প্রতিটি অংশ মেনে নেওয়ার দায়িত্বও রয়েছে। নিজের দেওয়া ভোটের একটি অংশ গ্রহণ করে অন্য অংশ প্রত্যাখ্যানের সুযোগ নেই।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে খুলনা প্রেস ক্লাবে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ‘যুব সম্মেলন-২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্র সংস্কারে তরুণদের ভূমিকার আহ্বান
জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার। তার ভাষ্য, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব শুধু সরকার বা রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দিলে হবে না; তরুণ সমাজকেও এ প্রক্রিয়ার পাহারাদার হিসেবে ভূমিকা রাখতে হবে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদে নিয়োগ এবং সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের মতো সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের পুরো রায় কার্যকর করার বিষয়ে দলটির আরও স্পষ্ট অবস্থান প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে তরুণদের এগিয়ে আসার আহ্বান
নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, দলীয়করণ এবং ভিন্নমতের ওপর হামলার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গড়ে ওঠা চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ছাত্রদলের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ছাত্রলীগের পরিবর্তে ছাত্রদলও যদি একই ধরনের দখলদারি ও হামলার রাজনীতি করে, তাহলে শুধু দলের নাম পরিবর্তন হবে, রাজনৈতিক চরিত্রের পরিবর্তন হবে না। জুলাই অভ্যুত্থানের পর মানুষ এমন বাংলাদেশ প্রত্যাশা করেনি বলেও মন্তব্য করেন তিনি।
খুলনা সিটি নির্বাচনেও প্রার্থী দেবে জামায়াত
সরকারি বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগ এবং খুলনা বিভাগের জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগও তোলেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। দলীয় পরিচয়ের কারণে অন্য কারও সেখানে খবরদারি করার সুযোগ থাকা উচিত নয়।
আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও দলের পরিকল্পনার কথা জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমানকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি নগরীর ৩১টি ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থী দিয়ে নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারী। এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।



