খুলনার রূপসা উপজেলায় একটি ইটভাটায় ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাঁর দুই মেয়ে রয়েছে।
ফখরুলের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি তাঁদের পরিবারের। ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য ফখরুল মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। মঙ্গলবার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।
রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।



