খুলনা নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় একই দিনে দুই যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে পৃথক ঘটনায় মঞ্জুরুল ইসলাম (২১) ও নাজমুল (১৮) নামে দুই যুবক নিহত হন। একই স্থানে পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আশিবিঘা এলাকার একটি মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় একদল যুবক মঞ্জুরুল ইসলামকে খুঁজতে সেখানে যায়। একপর্যায়ে তারা মঞ্জুরুলের পেটে ছুরিকাঘাত এবং পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মঞ্জুরুল ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে।
স্থানীয়রা জানান, মঞ্জুরুল তার বাবার সঙ্গে ভবন নির্মাণের সেন্টারিংয়ের কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, মঞ্জুরুলকে হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে একটি সন্ত্রাসী গ্রুপের নাম পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এরপর রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে নাজমুল (১৮) নামে আরেক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে। নিহত নাজমুলের বাবা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার রেজাউর রহমান জানান, আশিবিঘা এলাকার একটি গলির ভেতর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআইডির সদস্যদের জন্য অপেক্ষা করছে। সিআইডির টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু হবে। এরপর হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
পুলিশ জানিয়েছে, নাজমুলকে হত্যার কারণ ও ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
লবণচরা থানা এলাকা নগরীর অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। একই এলাকায় একই দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে, চলতি আগস্ট মাসের প্রথম ১৯ দিনে খুলনায় পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ আগস্ট রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামে ইটভাটার ভেতর ফখরুল শেখ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়।
এর চার দিন পর, ১৫ আগস্ট রূপসার আইচগাতী ইউনিয়নের দুর্জনিমহল-শহীদের মোড় এলাকায় জয় ঢালি (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ১৮ আগস্ট খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় রাজু শিকদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এর এক দিন পর ১৯ আগস্ট আশিবিঘা এলাকায় একই দিনে দুই যুবক হত্যার শিকার হলেন।



