tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড ঘোষণা করল ইরান

ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড ঘোষণা করল ইরান

ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যবর্তী হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান।

বুধবার (১৯ আগস্ট) ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে লেখা হয়, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড।’

এর আগে মঙ্গলবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে হরমুজ প্রণালির ওপর ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ লেখা ছিল। এর আগে তিনি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছিলেন। হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও ট্রাম্পের ওই পোস্টটি শেয়ার করা হয়।

ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে তাঁর ‘দিবাস্বপ্ন’ খুব শিগগিরই ভেঙে যাবে। তা না হলে ইরানই তাঁর এই ভুল ধারণা ভেঙে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে ইরানের বাইরে ইরানি বংশোদ্ভূত মানুষের অন্যতম বৃহৎ বসতি রয়েছে। সেখানে প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ইরানি অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে। লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড এলাকা ধীরে ধীরে ইরানি সম্প্রদায়ের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এলাকাটি অনানুষ্ঠানিকভাবে ‘তেহরানজেলেস’ নামেও পরিচিতি পেয়েছে।

সূত্র: আনাদোলু