সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-তে সৌজন্য সাক্ষাতে যান।
সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে ফিরোজায় পৌঁছান ইসহাক দার। এর কিছু আগে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সেখানে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতেই তার সঙ্গে দেখা করতে এসেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে, শনিবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার পর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
প্রায় ১৩ বছর পর এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।



