এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পূর্ণ সুস্থতার জন্য তার আরও সময় প্রয়োজন। তিনি এখন হাসপাতালের কেবিনে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, “ম্যাডাম এখনো কেবিনে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।”
এদিকে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, ফুসফুসে ইনফেকশন থাকায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মেডিকেল বোর্ডের অপর সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
বিএনপি সূত্রে জানা যায়, লন্ডনে অবস্থান করা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিতভাবে তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। ঢাকায় তার পাশে আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।



