বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো এক শোকবার্তায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন একজন গুরুত্বপূর্ণ ও পথপ্রদর্শক ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্ব ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে।
শোকবার্তায় আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট ও বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের এই মানবিক সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাফুফে।
উল্লেখ্য, আপসহীন রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।



