ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অনবদ্য অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন। শুধু পর্দায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। নিজের ভাবনা, অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বার্তা নিয়মিতই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এক খোলামেলা বক্তব্য—
“মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হয়। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে এগিয়ে যেতে হয়। তাহলেই সাফল্য আসে।”
অভিনয় জীবনে নিজের পথচলা নিয়ে জয়া বলেন,
“অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণেই এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।”
সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর দ্বাদশ পর্বে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন জয়া আহসান। সেখানে সঞ্চালক রুম্মান রশীদ খান–এর সঙ্গে খোলামেলা আড্ডায় এসব কথা বলেন তিনি।
জয়ার জীবনের আরেকটি দিক হলো তার পুরোনো জিনিসের প্রতি ভালোবাসা। তিনি জানান, তার বাসায় রয়েছে প্রায় ২০০ বছরের পুরোনো একটি আলমিরা। এমনকি যে খাটে তার জন্ম হয়েছিল, সেটিও এখনো যত্নে সংরক্ষিত আছে। এই প্রসঙ্গে জয়া বলেন,
“আমি পুরোনোতে বাঁচি। যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়—আমার কাছে তার মানে আরও গভীর। অতীতই বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধ।”
সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং প্রসঙ্গে জয়া বলেন,“কমেন্টবক্স আমি খুব একটা পড়ি না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেই মানুষগুলোর জন্য, যারা অশোভন মন্তব্য করে আনন্দ পায়। তারা একদিন না একদিন চলে যাবে, কিন্তু তাদের বলা কথাটা থেকে যাবে। তাদের পাপ হবে, আমার কিছুই হবে না।”



