ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মার আধ্যাত্মিক চর্চা নিয়ে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি। তিনি বলেছেন, কারও ব্যক্তিগত বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।
সম্প্রতি কোহলি ও আনুশকার আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের কাছে যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরও তারা বৃন্দাবনে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন।
এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে মোহাম্মদ শামি বলেন, কোহলি নিজের বিশ্বাসের বিষয়ে সবসময় আন্তরিক। তার মতে, এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়; বরং কোহলি দীর্ঘদিন ধরেই নিজের জীবনযাপন ও নিয়মের বিষয়ে সচেতন।
শামি বলেন, কোনো ব্যক্তি কোনো বিষয়ে বিশ্বাস রাখলে সেটিকে সম্মান করা উচিত। আধ্যাত্মিক গুরুকে নিয়েও সমালোচনা করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
আনুশকার প্রভাবেই কোহলি আধ্যাত্মিক পথে এগিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে শামি বলেন, দুজন মানুষের সম্পর্কের মধ্যে একজনের ভালো অভ্যাস অন্যজন গ্রহণ করলে এতে আপত্তির কিছু নেই।
এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ভারত। আগামী সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাঠে দেখা যেতে পারে বিরাট কোহলিকে।



