জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রত্যেক মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির প্রবাসে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অংশ হিসেবে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং গত ১৫ বছরে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। উদ্বেগজনকভাবে আজও বিএনপির বিজয় ঠেকাতে নতুন কৌশল ও অপপ্রচার দেখা যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি—বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে এবং বিএনপি এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। ৩০০ আসনে বিএনপি ও সমমনা প্রার্থীদের মনোনয়ন প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে বলেও জানান তিনি।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকা গর্বের বিষয়। তবে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে থাকা অন্য দলের যোগ্য প্রার্থী থাকলে তাদেরও সমর্থন দেওয়া হবে।”
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে মেনে নিন। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—এই নীতিই আমাদের পথনির্দেশ।”
নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, “গত আগস্ট মাসে সারাদেশে ৯৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, ১৪টি গণধর্ষণ এবং ৯৮টি নারী হত্যার ঘটনা ঘটেছে—এটা উদ্বেগজনক। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজ উভয়েরই দায়িত্ব রয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হলেও জনগণের সমর্থনে সেই ষড়যন্ত্র কখনো সফল হয়নি। “জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির শক্তি,” উল্লেখ করে তিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।
প্রবাসীদের সদস্যপদ নবায়ন উদ্যোগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বিদেশে বসবাসরত বাংলাদেশিরা দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান। তাই অনলাইন পেমেন্ট গেটওয়ে চালুর মাধ্যমে প্রবাসীদের সদস্যপদ প্রক্রিয়া সহজ করা হয়েছে।”
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



