tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলশীতে প্রতিদিন গোসল না করলে শরীরে কী ঘটে, জানালেন বিশেষজ্ঞরা

শীতে প্রতিদিন গোসল না করলে শরীরে কী ঘটে, জানালেন বিশেষজ্ঞরা

শীত এলেই ঠান্ডা পানির ভয়ে অনেকেই প্রতিদিন গোসল করা থেকে বিরত থাকেন। কেউ কেউ আবার দীর্ঘ সময় ধরে গরম পানিতে গোসল করেন। তবে শীতকালে প্রতিদিন গোসল না করলে শরীরের কোনো ক্ষতি হয় কি না, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, ঘাম বা শরীরে ময়লা জমার মতো পরিস্থিতি না থাকলে শীতের সময় এক দিন গোসল না করলেও সাধারণত ক্ষতি নেই। বরং এতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হতে পারে।

যুক্তরাষ্ট্রের চিকিৎসাপ্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের স্বাস্থ্যবিষয়ক বিভাগ ‘হেলথ এসেনশিয়ালস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে শীতকালে ত্বকের যত্ন ও গোসলের অভ্যাস নিয়ে এ পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির চর্মরোগ বিশেষজ্ঞ জেনিফার লুকাসের ব্যাখ্যা অনুযায়ী, শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক থেকে পানি দ্রুত হারিয়ে যায়। পাশাপাশি ঠান্ডা আবহাওয়ায় শরীরের প্রাকৃতিক তেল উৎপাদনও কমে যায়। এসব কারণে ত্বক শুষ্ক হয়ে পড়ার আশঙ্কা বাড়ে।

ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে পারে

শীতকালে প্রতিদিন গোসল না করার একটি সুবিধা হলো, ত্বকের স্বাভাবিক তেল ও আর্দ্রতা বজায় রাখার সুযোগ পাওয়া যায়। ঘাম না হলে কিংবা শরীরে ময়লা জমার মতো পরিস্থিতি তৈরি না হলে এক দিন গোসল বাদ দেওয়া যেতে পারে বলে জানিয়েছে ক্লিভল্যান্ড ক্লিনিক।

গোসলের সময় ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে যেতে পারে। অথচ এই তেল ত্বকের সুরক্ষাব্যবস্থা বজায় রাখা এবং আর্দ্রতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতের সময় শরীরে তেল উৎপাদন এমনিতেই কমে যায়। তাই প্রয়োজনের অতিরিক্ত গোসল করলে ত্বকের শুষ্কতা আরও বাড়তে পারে।

অতিরিক্ত গরম পানিতে গোসলের ঝুঁকি

শীতের সকালে কিংবা রাতে গরম পানিতে গোসল অনেকের কাছেই আরামদায়ক। তবে অতিরিক্ত গরম পানিতে দীর্ঘ সময় গোসল করলে ত্বকের প্রাকৃতিক তেল কমে যেতে পারে। এতে ত্বক আরও শুষ্ক হওয়ার আশঙ্কা থাকে।

এ বিষয়ে চর্মরোগ বিশেষজ্ঞ জেনিফার লুকাসের পরামর্শ, গোসলের সময় পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। পাশাপাশি অতিরিক্ত গরম পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করা ভালো।

ত্বকে দেখা দিতে পারে চুলকানি ও খসখসে ভাব

শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকে চুলকানি, খসখসে ভাব এবং শুষ্কতা দেখা দিতে পারে। এ সমস্যা কমাতে গোসলের অভ্যাসের পাশাপাশি নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। বিশেষজ্ঞরা সুগন্ধিযুক্ত প্রসাধনীর পরিবর্তে সুগন্ধিমুক্ত ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

শীতে গোসলের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখবেন

শীতকালে ত্বকের সুস্থতা বজায় রাখতে গোসলের সময় ও পদ্ধতির দিকে নজর দেওয়া প্রয়োজন। ক্লিভল্যান্ড ক্লিনিকের পরামর্শ অনুযায়ী, গোসল পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে শেষ করা, কুসুম গরম পানি ব্যবহার করা এবং ত্বক অতিরিক্ত ঘষাঘষি করা থেকে বিরত থাকা ভালো। গোসল শেষ করার পরপরই ময়েশ্চারাইজার লাগালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।