মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাংয়ে এ অভিযান পরিচালিত হয়।
আটকদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি, ২৩৫ জন মিয়ানমার, ৭২ জন নেপালি, ৫৮ জন ভারতীয় এবং ১৯ জন ইন্দোনেশিয়ান (১৭ পুরুষ ও ২ নারী) রয়েছেন। এছাড়াও অন্যান্য দেশের ৯ জন নাগরিক (৩ পুরুষ ও ৬ নারী) রয়েছেন।
ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। অভিযোগ ছিল, ওই এলাকা বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। আটক ব্যক্তিদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র ছিল না, অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ বা কাগজপত্রের অপব্যবহারের অভিযোগ রয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই অভিযানে ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। মোট ২ হাজার ৪৪৫ জনকে যাচাই করা হয়, যার মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় ছিলেন। অভিযানের সময় কয়েকজন প্রবাসী দোকান ও ছাদে লুকানোর চেষ্টা করেন, তবে পুরো এলাকা ঘিরে রাখায় তারা পালাতে পারেননি।
অভিযানে একটি অবৈধ জুয়ার আড্ডাও শনাক্ত করা হয়, যেখানে সিসিটিভির মাধ্যমে নিয়ন্ত্রিত পরিবেশে জুয়া চলছিল। সেখান থেকে ৮ জন বিদেশিকে হাতেনাতে আটক করা হয়।
আটকদের প্রাথমিক স্ক্রিনিং শেষে পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে পাঠানো হয় এবং সেখান থেকে ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ১৫(৪) ও প্রবিধান ৩৯(বি) অনুযায়ী তদন্ত চলছে।
বাসরি ওথমান আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তাদের বিদেশি কর্মীদের জন্য নির্ধারিত কোটার যথাযথ অনুসরণের বিষয়েও নজরদারি চালানো হবে।



