রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে বর্তমান সরকার সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে এবং প্রত্যেক নাগরিক যেন সম্মান ও মর্যাদার সঙ্গে স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (৭ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি জানান, রোগীর মৌলিক পরিচয়ভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে ইতোমধ্যে সবার জন্য ইলেকট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হচ্ছে—এতে তিনি আনন্দিত। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। বিজ্ঞানী, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি, বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মা ও শিশুর পূর্ণাঙ্গ সেবা সম্প্রসারণ, রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনটি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক সভ্যতার নেতিবাচক প্রভাবের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ঝুঁকি বাড়ছে। তাই বিজ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।
রাষ্ট্রপতি সরকারি-বেসরকারি চিকিৎসক, গবেষক, পরিবেশবিদ, প্রাণিসম্পদ বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।



