কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছেন। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুই শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দ্রুতই আগুন বাসে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসের ভেতর থেকে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ পাওয়া যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।



