সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে কুমিল্লায় প্রায় এক হাজার শিশুর জন্য এক বেলার খাবারের আয়োজন করেছে সামাজিক ও উদ্যোক্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘সিগনেচার বাংলা’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা নগরীতে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। নকশাঙ্গন ও চাষিয়ানার যৌথ উদ্যোগে এবং সিগনেচার বাংলার পৃষ্ঠপোষকতায় আয়োজিত কর্মসূচিতে কুমিল্লা নগরীর প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত ও পথশিশুর মধ্যে এক বেলার খাবার বিতরণ করা হয়।
সিগনেচার বাংলার প্রধান নির্বাহী শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবীর এবং প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও পথশিশুরা সমাজেরই একটি অংশ। তাদের প্রতি সহমর্মিতা দেখানো এবং প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো সবার মানবিক ও সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে কোনো মানুষকে অনাহারে দিন কাটাতে হবে না।
সিগনেচার বাংলার প্রধান নির্বাহী শাহাদাত হোসেন বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের হাতে এক বেলার খাবার তুলে দেওয়ার এই উদ্যোগ শুধু খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’



