রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং প্রতিষ্ঠানটির ক্রাইম চিফ রাজিব ঘোষকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাদের নিয়ে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। পরে ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আখতার হোসেন জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি নিউজের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের সদস্যরা সেখানে যান। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
তিনি বলেন, বর্তমানে তাদের সঙ্গে কথা বলছেন ডিবি কর্মকর্তারা। নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই বলেও জানান তিনি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। ওই দিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে তখন বিস্তারিত কিছু জানা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেস ক্লাবে তাকে দেখা গিয়েছিল।



