tanaka
প্রচ্ছদরাজনীতি৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে হেঁটে অংশ নেবেন এবং শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন।

ওই দিন বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেন, ৭ নভেম্বরের কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার রাজপথে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

মতবিনিময় সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন—এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি।

এ ছাড়া আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন, এমন ব্যক্তিদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উল্লেখ্য, ৭ নভেম্বরের শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির এই নেতা।