মাঠে সাফল্যের পর মাঠের বাইরে একের পর এক নিষেধাজ্ঞায় বড় সংকটে পড়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার নতুন করে দুটি নিষেধাজ্ঞা যোগ হওয়ায় ফিফার নিষেধাজ্ঞার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪টিতে। ফলে আসন্ন মৌসুমে দেশের বর্তমান লিগ চ্যাম্পিয়নদের অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এর আগে খেলোয়াড় ও কোচদের পাওনা সংক্রান্ত বিষয়ে কিংসের বিরুদ্ধে ছিল ১১টি নিষেধাজ্ঞা। গত ৫ আগস্ট আরও একটি নিষেধাজ্ঞা যোগ হয়। দলবদলের শেষ মুহূর্তে নতুন করে দুটি নিষেধাজ্ঞা আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এদিকে মঙ্গলবার শেষ হয়েছে বাফুফের ক্লাব লাইসেন্সিং আবেদনের সময়সীমা। ফিফার নিষেধাজ্ঞায় থাকা বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও ফকিরেরপুল নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেনি। ক্লাব লাইসেন্স ছাড়া ঘরোয়া ফুটবলে অংশ নেওয়ার সুযোগ নেই। তিন দফা সময় বাড়িয়ে ১১ আগস্ট পর্যন্ত করা হলেও শেষ পর্যন্ত সময়সীমা পেরিয়ে গেছে।
আবাহনী অবশ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্লাবটির কর্মকর্তা সত্যজিৎ দাশ রুপু জানান, খেলোয়াড়ের পাওনা পরিশোধের চুক্তি অনুযায়ী অর্থ পাঠানো হয়েছে। এখন ফেডারেশনের কাছে ক্লাব লাইসেন্সিংয়ের অনুমতি চাওয়া হয়েছে।
শুধু লাইসেন্সিং নয়, খেলোয়াড় নিবন্ধন নিয়েও চাপের মুখে রয়েছে ক্লাবগুলো। আগামী ১৩ আগস্টের মধ্যে অন্তত ২৩ জন ফুটবলার নিবন্ধন করানোর কথা রয়েছে। নতুন মৌসুমের সূচি অনুযায়ী, ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা প্রতিযোগিতা। পরিস্থিতি বিবেচনায় নিবন্ধনের সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে আবাহনী।
কিংস ও আবাহনীর নিষেধাজ্ঞার কারণে এবারের দলবদলও নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে শুরু হয়। ১ জুন থেকে দলবদল শুরুর কথা থাকলেও তা পিছিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে নেওয়া হয়। আবাহনীর তিন নিষেধাজ্ঞার মধ্যে দুটি ইতোমধ্যে প্রত্যাহার হয়েছে এবং অন্যটি প্রত্যাহারের প্রক্রিয়ায় রয়েছে। দলবদল চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
দুই শীর্ষ ক্লাবের অনিশ্চয়তার কথা বিবেচনায় বিকল্প ব্যবস্থাও নিয়েছে বাফুফে। ওয়ান্ডারার্স, ফকিরেরপুল ও আরামবাগকে প্রিমিয়ার লিগে খেলার বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। তবে ফকিরেরপুলও নিজেদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করছে। অন্যদিকে ওয়ান্ডারার্স ও আরামবাগ দেরিতে দল গঠনের অনুমতি পাওয়ায় সময় বাড়ানোর আবেদন জানিয়েছে ফেডারেশনের কাছে।



