tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদজাতীয়ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না: রাষ্ট্রপতি

ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না: রাষ্ট্রপতি

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা ক্যাথলিক আর্চডায়োসিসের সহকারী বিশপ সুব্রত বি. গমেজের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আমরা ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না। স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরে আসুক, তা কখনোই চাই না। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

সাক্ষাৎকালে প্রতিনিধিদল খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং এসব বিষয়ে তাঁর সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এখানে প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবেন। কোনো নাগরিক যেন ধর্মীয় পরিচয়ের কারণে বঞ্চিত বা বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশের খ্রিস্টান সম্প্রদায় দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। হলিক্রস, সেন্ট গ্রেগরিজ, সেন্ট জোসেফ ও নটরডেমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দেশের শিক্ষার মান উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রতিষ্ঠান পরিচালনা, ভূমি ও সম্পদসহ বিভিন্ন বিষয়ে খ্রিস্টান সম্প্রদায়ের যৌক্তিক সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরতে সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণেও উদ্যোগ নিতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বঙ্গভবনের দরজা দেশের সব নাগরিকের জন্য সবসময় উন্মুক্ত। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের যেকোনো যৌক্তিক সমস্যা ও বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিজ্ আন্না মিন্‌জ, নটরডেম কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্ত রোজারিও, সিএসসি, নটরডেম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফাদার চার্লস, হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা গমেজ, সিএসসি এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেসসচিব উপস্থিত ছিলেন।